রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ৩য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে একই দিনে রাজধানীর পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে জামিননামা দাখিল করেন এমপি গাজী নজরুল ইসলাম।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তিনি জানান, ভিডিওর ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। অনৈতিক সম্পর্ক ও ভিডিও ফাঁসের জেরে মারধরের অভিযোগে গত ২১ জুলাই তার বিরুদ্ধে পল্লবী থানায় হত্যাচেষ্টা মামলা করেন সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার সংসদ সদস্য পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।