চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সাথে নিয়ে তাঁরই চাচাতো ভাই এনসিপির শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা জানান, তাঁদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তাঁরা একযোগে নিখোঁজ হন। ঘটনার পর থেকে উভয়ের মুঠোফোন বন্ধ রয়েছে।
মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ দাবি করেন, তাঁর পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ সাথে নিয়ে গেছেন। ইব্রাহিম খলিলের দুই অবুঝ শিশু কন্যা—ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬)—মায়ের সন্ধানে পরিবারের সদস্যদের সাথে রোববার শাহরাস্তি থানায় উপস্থিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।