রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর দিয়ে থেঁতলে হত্যার মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল নিশ্চিত করেছেন যে, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন দায়ের করা হয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রধান আসামি মহিনকে ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেন।
২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পরদিন ১০ জুলাই রাজধানীর কোতোয়ালি থানায় নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
পরবর্তীতে তদন্ত শেষে গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এই মামলায় ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর (অভিযোগ গঠন) আদেশ দেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।