বহু বছর পর নিজ নানা বাড়ি ফেনীতে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে তিনি ফেনী পৌঁছান এবং শ্রীপুরে নানার ভিটা সফর করেন।
স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে বহু বছর পরে নানা বাড়িতে আসলাম। সবচেয়ে প্রথম আমি এখানে ১৯৯১ সালে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এসেছিলাম। এখন শুধু নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, কাজও করতে হবে।
বক্তব্য চলাকালে উপস্থিত কর্মী-সমর্থকদের আবেগঘন স্লোগানের জবাবে তিনি মৃদু হেসে বলেন, এই ভাই দাঁড়াও না, স্লোগানটা দিও না। একটু কথা বলি। বহু বছর পর নানা বাড়ি এসেছি— একটু কথা বলতে দাও।
ফেনী সফরকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের উদ্বোধন ও সামাজিক সেবা নিশ্চিতকরণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। দেশব্যাপী পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি। রুফটপ সোলার প্যানেল থেকে তৈরি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের শুভ সূচনা। প্রান্তিক ও সাধারণ মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা প্রয়াত ইস্কান্দার মজুমদারের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনটির সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক স্মৃতি জড়িয়ে আছে। এই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।