ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন অঞ্চল অতিক্রম করে আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই রোডমার্চ শেষ হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবি হলো, ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। জুলাই গণভোটের গণরায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা। পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার সুনিশ্চিত করা।
কর্মসূচির রূপরেখা বিস্তারিত জানিয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হবে। দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে ১৫তম দিনে সাভারে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় প্রবেশ করে আগামী ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, শাহবাগের মহাসমাবেশ শেষে রোডমার্চ টেকনাফের উদ্দেশ্যে পুনর্বার যাত্রা শুরু করবে এবং ৩১তম দিনে অর্থাৎ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে সমাপনী পথসভার মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ শেষ হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় বড় ধরনের আরও একটি সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ জানান, সন্ত্রাসবাদ, ভয়ভীতি বা সহিংসতার মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে জনগণের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা সফল হবে না। আগামী ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে তারা সরকারকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চান।