রাজধানীর গুলশানে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন একটি পোশাক ও বন্ডেড ওয়্যারহাউসে অভিযান পরিচালনা করেছে শুল্ক গোয়েন্দা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ দল। অননুমোদিত শেডে পণ্য সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা এ যৌথ অভিযান পরিচালিত হয়। শুক্রবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযান পরিচালিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানটির মালিক সালমান মুক্তাদিরের শ্বশুর নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলাম।
এনবিআর সূত্রে জানা যায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং এসআরবির যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রাথমিক তদন্তেই গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। কাগজপত্র অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল ২টি। তবে সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, অনুমোদন ছাড়াই আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে বিপুল পরিমাণ পণ্য মজুত রাখা হয়েছে।
রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা জানান, বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য অননুমোদিত স্থানে সরিয়ে নেওয়া বা অপসারণ রোধ করতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ৪টি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
অভিযান শেষে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির লেনদেন ও ব্যাগেজ সুবিধায় আনা পণ্যের কাস্টমস কাগজপত্র যাচাই-বাছাইসহ বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।