সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মোহাম্মদপুরে এবার সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঐতিহাসিক ঘণ্টা চুরি

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে একটি ঐতিহাসিক পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) গির্জা কর্তৃপক্ষের পক্ষ

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে একটি ঐতিহাসিক পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) গির্জা কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যবর্তী কোনো একসময়ে ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

চার্চের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরার নজরদারি বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, চোরচক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ক্যামেরা অকার্যকর করে এ চুরি সংগঠিত করেছে।

সেইন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় প্রবেশকালে তিনি প্রবেশপথের ছোট ফটকটির তালা ভাঙা অবস্থায় অর্ধেক খোলা দেখতে পান। এরপর দ্বিতীয় তলার দিকে তাকাতেই ঐতিহ্যবাহী ঘণ্টাটি অনুপস্থিত দেখতে পান।

উল্লেখ্য, এর কিছুদিন আগেই মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে একইভাবে একটি ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরি হয়, যা পরবর্তীতে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন