গাজীপুরের বাসন থানার ডেগিরচালা (ফকির মার্কেট) এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শনিবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মেট্রিক্স পোশাক কারখানার আট তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, প্রাথমিক অবস্থায় আগুন নেভাতে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরবর্তীতে কোনাবাড়ী থেকে একটি, গাজীপুর সদর থেকে দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের আরও দুটি ইউনিট এসে তাদের সাথে যোগ দেয়।
বর্তমানে আটটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।