সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২৫২ টাকা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসের তুলনায় এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। সেপ্টেম্বর মাসের তুলনায় এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১১ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হয়। ঘোষিত নতুন মূল্য আজ রোববার সন্ধ্যা ৬টার পর থেকেই কার্যকর হবে।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানায়, বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। এর আগের মাসে (সেপ্টেম্বর) এই সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছিল। এছাড়া বাসাবাড়ি ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে।

পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ দশমিক ০৯ টাকা থেকে বাড়িয়ে ৮৪ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

হঠাৎ দাম বৃদ্ধির ব্যাখ্যায় বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দর বৃদ্ধি পাওয়া, সমুদ্রপথে পণ্য পরিবহনের জাহাজ ভাড়া বেড়ে যাওয়া এবং এলপিজি পরিবহনে ব্যবহৃত যানবাহনের ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে।

এদিকে গত দুই সপ্তাহ ধরেই দেশের এলপিজি বাজারে চরম অস্থিরতা ও সংকট লক্ষ করা গেছে। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার খবর আঁচ করতে পেরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ কমিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে করে অনেক স্থানেই গ্রাহকদের অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হচ্ছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল বিইআরসি প্রথমবারের মতো দেশে এলপি গ্যাসের দর নির্ধারণ করা শুরু করে। তখন জানানো হয়েছিল, সৌদি আরামকোর নির্ধারিত সিপি (কন্ট্রাক্ট প্রাইস) দরকে ভিত্তিমূল্য ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হবে। তবে জাহাজের ভাড়া বা অন্যান্য কমিশন পরিবর্তন করতে হলে নতুন করে গণশুনানির প্রয়োজন হবে। সেই নিয়ম অনুযায়ী প্রতি মাসেই বিইআরসি এলপিজির নতুন দর নির্ধারণ করে আসছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন