যশোর থেকে প্রকাশিত শিশু-কিশোর পত্রিকা দোলনের উদ্যোগে আয়োজিত ‘দোলন আর্ট এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। একটি শিশুর আঁকা ছবির মধ্যেই তার মনের জগৎ, স্বপ্ন ও চিন্তার প্রকাশ ঘটে।
তিনি আরও বলেন, এই ধরনের প্রদর্শনী শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দেশ থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। তাদের সৃষ্টিশীল কাজগুলোকে গ্যালারিতে প্রদর্শনের সুযোগ দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দোলন পত্রিকার সম্পাদক কামাল মুস্তাফা। তিনি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ‘দোলন’ এবং এই প্রদর্শনী সেই প্রচেষ্টারই একটি অংশ।
এক্সিবিশনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবিতে প্রকৃতি, দেশপ্রেম, স্বপ্ন, কল্পনা এবং সমকালীন নানা বিষয় ফুটে উঠেছে। দর্শনার্থীরা শিশুদের রঙিন ক্যানভাসে তাদের ভাবনার জগৎকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা জানান, শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রদর্শনীটি আগামী ৪ মে থেকে ৯ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।