সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের ঐতিহাসিক উত্থান

রুপালি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘থালাপতি’ ম্যাজিক। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় ধরনের চমক দিয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের নবগঠিত দল

রুপালি পর্দার পর এবার রাজনীতির ময়দানেও ‘থালাপতি’ ম্যাজিক। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় ধরনের চমক দিয়েছে জনপ্রিয় অভিনেতা বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)।

সর্বশেষ খবর অনুযায়ী, বিজয় এবং তাঁর দল ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের শুরু থেকেই থালাপতি বিজয় সরকার গঠনের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন। তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট ও নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিজয় নিজে প্রার্থীদের সতর্ক করেছেন যাতে কোনো ধরনের ‘রাজনৈতিক অন্তর্ঘাত’ বা দলছুট হওয়ার ঘটনা না ঘটে। গণনার এই ধারা বজায় থাকলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, সোমবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও বিজয়ের কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণাণের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে তাঁকে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে পূজা দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সাধারণ বেশভূষায় মন্দিরে প্রার্থনা করছেন তিনি।

ভক্ত ও নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে যে, নিজের জন্মদিনের পাশাপাশি বিজয় এবং তাঁর দলের রাজনৈতিক সাফল্যের জন্যই হয়তো তিরুপতি বালাজির আশীর্বাদ নিতে গেছেন তৃষা। এই দুই তারকার বন্ধুত্ব এবং পর্দার রসায়ন আগে থেকেই চর্চিত, আর আজকের এই মন্দির দর্শন সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

চলচ্চিত্র তারকা থেকে সফল রাজনীতিবিদ হওয়ার পথে এমজিআর বা জয়ললিতার মতো কিংবদন্তিদের উত্তরসূরি হওয়ার দৌড়ে এখন সবার চেয়ে এগিয়ে বিজয়। যদি শেষ পর্যন্ত ১০৮ বা তার বেশি আসনে জয় নিশ্চিত হয়, তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। এখন সবার নজর চেন্নাইয়ের নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলের দিকে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন