সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

অপরাধী হলে আমাকে শাস্তি দিন, পরিবারকে নয়: ছাত্রলীগ নেতা

ইউরো বাংলা ডেস্ক বিগত ২১ মাস ধরে নিজের বাড়িতে থাকতে না পারার পরও গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে দেশের বাড়িতে তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে

ইউরো বাংলা ডেস্ক


বিগত ২১ মাস ধরে নিজের বাড়িতে থাকতে না পারার পরও গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে দেশের বাড়িতে তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসদাচরণের অভিযোগ তুলেছেন পীরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভি। একই সাথে প্রশাসনের এই হয়রানি থেকে পরিবারকে বাঁচাতে নিজের বাবা-মার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এই ছাত্রনেতা।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন ও দীর্ঘ পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে আল নাহিয়ান অভি লেখেন, আমার বাড়িতে ২১ মাস ধরে একটি রাতও থাকতে পারিনি এবং অদ্যাবধি নেই, এলাকায় গিয়ে অসুস্থ বাবা-মাকে দেখেই চলে এসেছি হয়তো। তারপরও আমার বাসায় গিয়ে গতরাত ৩:৪০ মিনিটে প্রশাসন ন্যাক্কারজনকভাবে তল্লাসি এবং বাজে ব্যবহার করেছে আমার অসুস্থ বাবা-মা ও পরিবারের সদস্যদের সাথে। তিনি আরও জানান, তাঁর পরিবারের কোনো সদস্যই রাজনীতির সাথে যুক্ত নয়, অথচ গত রাতের এই ঘটনার ট্রমা থেকে তাঁর মা এখনো বের হতে পারেননি।

প্রশাসনের এই পদক্ষেপের তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভি লেখেন, আজ থেকে আমি আমার পরিবারের সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম। আজ থেকে আমার বাবার ১টি মাত্র ছেলে, ১টি মাত্র মেয়ে, আমি তাদের সন্তান হতে নিজেকে তুলে নিলাম। তবে পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করলেও রাজপথে নিজের লড়াই ও সংগ্রাম দুর্বার গতিতে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ছাত্রলীগের এই নেতা প্রশ্ন তুলে বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগ করাটাই যদি অন্যায় বা অপরাধ হয়ে থাকে, কিংবা পুলিশ হত্যার বিচার চেয়ে পোস্টারিং করাটাও অপরাধ হয়ে থাকে, তবে আপনারা সেই শাস্তি আমাকে দিন। প্রয়োজনে আমাকে পেলে হত্যা কইরেন। তাও আবার বলছি, আপনারা আমার পরিবারকে আর সমস্যা কইরেন না।

রাজনীতি করতে গিয়ে নিজের ক্যারিয়ার ও জীবনের নানা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি করে তিনি পরিবারকে অর্থনৈতিক ও সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। দল ক্ষমতায় থাকাকালীন তিনি দেশ ও মানুষের সেবার শপথ নিয়ে রাজনীতিতে এসেছিলেন এবং ভিন্ন মতের কারও সাথে কখনো অন্যায় করেননি দাবি করে অভি বলেন, তাঁর নামে বর্তমানে সারা দেশে অগণিত মামলা দেওয়া হয়েছে।

পোস্টের শেষাংশে তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, শুধুমাত্র ছাত্রলীগ করা যদি আমার অপরাধ হয়, আমি অপরাধী। তার জন্য আমার সাথে যা ইচ্ছে করেন, কিন্তু আমার বাবা-মা পরিবারের কাউকে আর কষ্ট দিয়েন না। তারা সবাই নিরীহ, তাদের কোনো অপরাধ নেই।

বক্তব্যের শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজের পরিচয় ‘সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পীরগাছা উপজেলা পরিষদ’ হিসেবে উল্লেখ করেন। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি করেছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন