ভারতের নয়াদিল্লিতে আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত চার দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ সোমবার (১ জুন) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
অন্যদিকে, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সীমান্তে অপ্রীতিকর ঘটনা রোধ, সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ দ্বিপাক্ষিক সীমান্ত সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা হতে পারে বলে জানা গেছে।