জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাতে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় স্পিকার বিদ্যমান রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরে সংকটের টেকসই সমাধানে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদার, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
এছাড়া দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হতে শুরু করে। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কে. ব্লাডের অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারাবাহিক চর্চার মাধ্যমেই বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।
বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।