বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালনের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছ থেকে ‘লেটারস অব ক্রিডেন্স’ (পরিচয়পত্র) গ্রহণ করেন।
শুক্রবার (৫ জুন) রাতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাইকমিশনের পোস্টে প্রকাশিত একটি ছবিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে লেটারস অব ক্রিডেন্স গ্রহণ করতে দেখা যায়। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় এসে তার আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে, গত এপ্রিল মাসে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ইতিমধ্যেই ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।
দীনেশ ত্রিবেদীর এই নিয়োগ কূটনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম সরাসরি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত কোনো হাইপ্রোফাইল রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার করে পাঠাচ্ছে নয়াদিল্লি। এর আগে সবসময় পেশাদার কূটনীতিকদেরই (আইএফএস কর্মকর্তা) বাংলাদেশে ভারতের দূত হিসেবে নিয়োগ দেওয়া হতো।
সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীর ঢাকা আগমনের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক ও রাজনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।