বিএনপির অ্যাডমিনিস্ট্রেশন ও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে গ্যাসের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সমপরিমাণ মূল্য বৃদ্ধি করেছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা জেলার একটি পার্টি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মানুষ অস্বস্তিতে রয়েছে। শেখ হাসিনার আমলে গত ১৭ বছরে গ্যাসের যে পরিমাণ দাম বেড়েছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই ততটা বাড়িয়েছে। সব মিলিয়ে বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর মব সংস্কৃতি বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে মব বাড়ছে। বিভিন্ন ঘটনায় সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না।
এনসিপির এই মুখপাত্র বলেন, যারা একটি ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। সেই সক্ষমতা এনসিপির রয়েছে। সাধারণ মানুষের পক্ষে কথা বলার মতো কোনো ব্যক্তি বা দল নেই। দেশের মানুষের পক্ষে কথা বলার একমাত্র বিরোধী দলের ভূমিকায় রয়েছে এনসিপি।
তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণকে দেখিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আগামীতে বাংলাদেশে এনসিপির রোল মডেল জেলা হিসেবে কুমিল্লাকে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।