সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আজাদ কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সামরিক বাহিনীর কর্মকর্তা ও

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সামরিক বাহিনীর কর্মকর্তা ও ক্রুসহ সমস্ত আরোহী নিহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং স্থানীয় গণমাধ্যম ডন-এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, রাশিয়ার তৈরি ‘এমআই-১৭’ মডেলের সামরিক পরিবহন হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কারিগরি ত্রুটির মুখে পড়ে এবং একপর্যায়ে মুজাফফরাবাদের কাছে বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর পর নিশ্চিত হওয়া গেছে যে, হেলিকপ্টারে থাকা কোনো ব্যক্তিই জীবিত নেই।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কী ধরণের কারিগরি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটল, তা সুনির্দিষ্টভাবে খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি সামরিক তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেছে আইএসপিআর।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সামরিক বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার নজির এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের আগস্টেও দেশটির খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় বৈরী আবহাওয়ার মুখে পড়ে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় দুই পাইলট ও তিন ক্রু সদস্যসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন