বাগেরহাটের ফকিরহাটে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামে এক কর্মী। গতকাল শুক্রবার (১২ জুন) জুমার নামাজের আগে তার এই দুধ দিয়ে গোসল করা এবং দল ত্যাগের ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
শেখ তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৪-১৫ বছর ধরে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছেন।
ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে শেখ তারেক নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন এবং জামায়াতে ইসলামীর সঙ্গে নিজের সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
দল ত্যাগের কারণ ব্যাখ্যা করে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। দলের দুর্দিনে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছি। কিন্তু বর্তমানে দলের সুদিনে বিভিন্ন অনুপ্রবেশকারী এসে জায়গা করে নিচ্ছে। নানা কারণে দলের কাছে আমার গুরুত্ব কমে গেছে এবং আমি চরম অবহেলার শিকার হয়েছি।
তিনি আরও বলেন, ক্ষোভ ও অভিমানে জুমার দিনে দুধ দিয়ে গোসল করে দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে দলটির কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।
দীর্ঘদিনের একজন কর্মীর এভাবে অভিনব পন্থায় দল ত্যাগের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা এই ভিডিওটি নিয়ে নানা মন্তব্য করছেন। তবে এই বিষয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।