প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাব।
জানা গেছে, দিল্লিতে সোমবার শুরু হওয়া ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান রোববার বিকেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সেখানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন মহলের হস্তক্ষেপে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতে প্রবেশের অনুরোধ জানানো হয়। তবে তিনি তার পাসপোর্ট ফেরত চান এবং পরে কলম্বো হয়ে সোমবার সকালে দেশে ফিরে আসেন।
ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।