সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার (পিস্তল) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে র্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, র্যাব-৪ এর সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশে নির্মাণাধীন একটি ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় দুজন সাক্ষীর উপস্থিতিতে ওই ওয়াশরুমে তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে চাপা দেওয়া একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি উঁকি দিয়ে দেখার পর তার ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রিভলবারটির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও সেটির গায়ে ইংরেজিতে স্পষ্ট অক্ষরে ‘মেইড ইন পাকিস্তান’ (Made in Pakistan) খোদাই করা রয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত বিদেশি অস্ত্র ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুমে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রের মূল উৎস কী এবং কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে লুকিয়ে রেখেছিল তা উদ্ঘাটনে আমাদের প্রয়োজনীয় আইনি ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে কিছুটা চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ও র্যাব বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত শুরু করেছে।