দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে।’ ২৪-এর গণঅভ্যুত্থানের এত বড় আন্দোলনের পরও দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় নেই এবং লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখা মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
গত সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মাহমুদুর রহমান মান্না বলেন, “বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল।” তবে এত বড় আত্মত্যাগের পরও জনগণের কাঙ্ক্ষিত অধিকার অর্জিত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, জনগণের অধিকার ও একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে একটি ন্যূনতম অ্যাজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে।
সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল জাতীয় বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?”
অর্থনৈতিক অব্যবস্থাপনার বিষয়ে সতর্ক করে মান্না বলেন, অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা দেশকে সামনে এগিয়ে নিতে পারবে না। জনতুষ্টির সস্তা পথ পরিহার করে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী ও কার্যকরী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অদূর ভবিষ্যতে চরম সংকটে পড়বে বলে তিনি হুঙ্কার দেন।