সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ডিবি হেফাজতে মৃত্যু ও তুরাগ নদ থেকে ৩ মরদেহ উদ্ধার: গভীর উদ্বেগ এইচআরএসএস-এর

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে মাত্র তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে মাত্র তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই উভয় ঘটনাই জনমনে নিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে গুরুতর ও মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে।

বিবৃতিতে ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনাটিকে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। এইচআরএসএস মনে করিয়ে দেয়,
রাষ্ট্রের হেফাজতে থাকা যেকোনো ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ, কার্যকর ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, ঢাকার তুরাগ নদ থেকে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনাকেও খাটো করে দেখছে না মানবাধিকার সংগঠনটি। এসব মৃত্যুর পেছনে কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, নিখোঁজ হওয়ার ঘটনা বা অন্য কোনো বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন জড়িত আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটনের তাগিদ দেওয়া হয়েছে।

নিহতদের পরিচয়, মৃত্যুর প্রকৃত কারণ এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে যথাসময়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এইচআরএসএস স্পষ্ট ভাষায় উল্লেখ করেছে যে, প্রতিটি অস্বাভাবিক মৃত্যু বিশেষ করে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু কিংবা রহস্যজনকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, স্বাধীন ও কার্যকর তদন্তের দাবি রাখে।

তদন্তে যেন কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব ও পক্ষপাত না থাকে এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করা হয়, বিবৃতিতে সেই দাবি জানানো হয়। একই সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন