সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জাতীয় সংসদে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন মুহিবুল্লাহ মুহিব। এতে প্রধান বক্তা ও অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন ও রাশেদ খানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং আমাদের স্বাধীনতার চরম বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপন করা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা এবং এটি জাতীয় মর্যাদার পরিপন্থী।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রকে “পরীক্ষিত বন্ধু” হিসেবে আখ্যায়িত করেছে। মূলত তারা স্বাধীন বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন