বাংলাদেশ ও মিসরের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে একটি যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। একই সঙ্গে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েরও প্রস্তাব দেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মিসরের রাষ্ট্রদূত এই প্রস্তাব দেন।
সাক্ষাৎকার শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, দ্বিপাক্ষিক এই বৈঠকে গণমাধ্যম ব্যবস্থাপনা, ভুলতথ্য ও অপতথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) মোকাবিলা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দুই দেশের গণমাধ্যম-সংক্রান্ত বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করতে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে অপতথ্য প্রতিরোধ করা যেমন জরুরি, ঠিক তেমনি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা ও গণমাধ্যম খাতের সার্বিক উন্নয়নে মিসরের সঙ্গে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ আন্তরিকভাবে আগ্রহী।
দুই দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে এক সুতোয় বাঁধতে এই মিডিয়া ফোরাম ও সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।