সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মোদি বিরোধী আন্দোলনের সময় হেফাজতের চক্রান্ত ফাঁস করা যুবককে হত্যা

​মেয়ের সামনেই আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে নৃশংস খুন​চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪২) নামে এক দর্জিকে গুলি করে ও

​মেয়ের সামনেই আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে নৃশংস খুন
​
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪২) নামে এক দর্জিকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফার অদূরে একটি বিলে এই ঘটনা ঘটে।


​স্থানীয় ও স্বজনদের অভিযোগ, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলামের চালানো নাশকতার চক্রান্ত ফাঁস এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।


​নিহত নুরুল আজিম মেখল ইউনিয়নের মৃত ইসলাম মিয়ার ছেলে। তিনি এলাকায় একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।


​মেয়ের সামনেই যেভাবে চলল তাণ্ডব

হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নিহতের কন্যা মোনা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি বিলে তার বাবা মাছ ধরার জাল পেতেছিলেন। আজ সকাল ৮টার দিকে সেই জাল থেকে মাছ তুলতে বাবার সাথে তিনিও বিলে যান।


​মোনা অভিযোগ করেন, এ সময় স্থানীয় দিদার ও আক্কেল নামে দুই ব্যক্তি এসে বাবাকে গায়ে পড়ে অহেতুক গালিগালাজ শুরু করে। একপর্যায়ে আক্কেল বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় বাবা দৌড়ে পাশের একটি বাড়ির পেছনে চলে গেলে দিদার ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। সেখানে বাবার পা ও মাথায় উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা।


​নেপথ্যে হেফাজতের চক্রান্ত ও পুরনো আক্রোশ
​স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, আগে হাটহাজারী উপজেলা সদরে টেইলার্সের দোকান পরিচালনা করতেন আজিম। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবেও কাজ করেছেন।


​২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনের নামে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সারাদেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালালে, আজিম উগ্রবাদীদের বিরুদ্ধে সোচ্চার হন। সে সময় নাশকতায় যুক্ত হেফাজত কর্মীদের গোপন তথ্য পুলিশকে দিয়ে সহায়তার পর থেকেই উগ্রবাদীরা তাকে লাগাতার প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উগ্রবাদীরা তার দোকানটি ভেঙে দিলে তিনি বাড়িতে বসেই দর্জির কাজ করতেন। সুযোগের অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা আজ সকালে তাকে একা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। যদিও স্থানীয়দের একটি পক্ষ ঘটনাটিকে পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত বিরোধ বলে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।


​পুলিশ ও প্রশাসনের বক্তব্য
​খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।


​হাটহাজারী সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, নুরুল আজিম নামে ওই ব্যক্তিকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


​হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কারা এবং ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।


​এদিকে প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডের পর মেখল ইউনিয়নসহ পুরো হাটহাজারী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন