ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। জুলাইয়ের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর এক পাইলট নিহত হওয়ার পর নিহতের এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সোমবার পর্যন্ত এই সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, আহতদের অধিকাংশই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন। সর্বশেষ সোমবার আহতদের তালিকায় মার্কিন বিমানবাহিনীর একজন সদস্য যুক্ত হলেও তিনি কীভাবে আহত হয়েছেন, তা স্পষ্ট করেনি সেন্টকম।
এর আগে কুয়েতের একটি কমান্ড সেন্টারে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। পরে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলায় আহত এক সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তাকারী একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকে বিধ্বস্ত হলে আরও ছয় সেনাসদস্য নিহত হন।
মার্কিন কর্মকর্তারা জানান, এই যুদ্ধে আহতদের বেশিরভাগই বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে মস্তিষ্কে আঘাত (ট্রমাটিক ব্রেন ইনজুরি) পেয়েছেন। যুদ্ধ-পরবর্তী মানসিক চাপজনিত সমস্যা (পিটিএসডি) এবং মস্তিষ্কে আঘাত সাম্প্রতিক যুদ্ধগুলোর অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, এসব আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব এখনও পুরোপুরি জানা যায়নি।