সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, লাঠিপেটা করে সরাল পুলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারী পরীক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেটে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেট অভিমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সে সময় শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

অবরোধের প্রায় আধা ঘণ্টা পর পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা ও ধাওয়া শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ তাদের দেওয়া ব্যারিকেডগুলো সরিয়ে নেয় এবং সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তাঁর সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, সন্ধ্যা ৭টা পর্যন্তও এই বৈঠক চলছিল। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা পেছানো, প্রশ্নপত্রে ভুল এবং এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি ও তথ্য-উপাত্ত নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করছেন শিক্ষামন্ত্রী।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন