সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

মায়ের চিকিৎসার ঢাকায়, আওয়ামী লীগ নেতার ফাঁকা বাড়িতে বুলডোজার চড়ালেন বিএনপি নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়া, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতার যোগসূত্র রয়েছে। তাঁদের অভিযোগের তীর পটুয়াখালী-১ আসনের বিএনপি সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ভাই শাহীন চৌধুরীর দিকে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে যান। এরপর তাঁর স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা ওই বসতবাড়িতে থাকতেন। সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য তাঁরা ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। স্থানীয়দের ভাষ্য, সেই সুযোগে গভীর রাতে একদল ব্যক্তি একটি এক্সকাভেটর নিয়ে এসে বসতঘরটি গুঁড়িয়ে দেয়।

মোবাইল ফোনে শিল্পী বেগম বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন, প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর এক্সকাভেটর দিয়ে বসতঘরটি ভেঙে ফেলা হয়। তাঁর অভিযোগ, ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার পর দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল ব্যক্তি এ হামলা চালিয়েছে। এ অভিযোগে পটুয়াখালী-১ আসনের বিএনপি সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর এক ভাইয়ের সম্পৃক্ততার কথা বলা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন