সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তাঁর বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ক্ষয়ক্ষতির

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তাঁর বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও ক্ষয়ক্ষতির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত নুরুজ্জামান কাফি, তাঁর বাবা এবিএম হাবিবুর রহমান ও ভাই মামুন এক্সকাভেটর (ভেকু), ভ্যান ও অন্যান্য সরঞ্জাম নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রজাপাড়া মৌজার ৫৯ নম্বর দাগভুক্ত জমিতে অনধিকার প্রবেশ করেন। তাঁরা সেখানে জমির মাটি কেটে চলাচলের রাস্তা নির্মাণের চেষ্টা চালান।

খবর পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম অন্যান্য সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেন। এজাহারে অভিযোগ করা হয়, বাধা দেওয়ায় নুরুজ্জামান কাফি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা জোরপূর্বক বিদ্যালয়ের প্রায় ৬ শতাংশ জমির মাটি কেটে ট্রলিযোগে সরিয়ে নেন, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। পরবর্তীতে ওই জমিতে খোয়া ফেলে রাস্তা নির্মাণ করার ফলে সব মিলিয়ে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন