পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর পরিচালিত এক যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাব এবং মাস্তুং জেলায় এই টার্গেটেড অভিযান চালানো হয়।
এখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে ৭ জন নিহত হন।মাস্তুংয়ে চালানো অভিযানে ৩ জন নিহত হন। মাস্তুং অঞ্চল থেকে একজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীকে জীবন্ত আটক করা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
বিবৃতিতে আইএসপিআর স্পষ্ট করে বলেছে, বেলুচিস্তানে সক্রিয় অবশিষ্ট সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা এবং তাদের সামরিক পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে এই যৌথ অভিযান অবিরাম চলমান থাকবে।
উল্লেখ্য, প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সশস্ত্র অস্থিরতায় জর্জরিত। পাকিস্তান সরকারের দাবি, ভারতের মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো এই খনিজসমৃদ্ধ প্রদেশটিকে পাকিস্তান থেকে আলাদা করার চক্রান্তে লিপ্ত রয়েছে।