পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়। এই দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং এনএসআইতে থাকা অবস্থাতেই অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
ব্যারিস্টার মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার এবং পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ সুপারসহ ডিএমপি, সিএমপি, র্যাব ও পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ফরেনসিক ও আধুনিক তদন্ত বিষয়ে তিনি মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন সিআইডি প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।