গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলীয় সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীরের এমন একটি মন্তব্য পরিলক্ষিত হয়েছে যা দলের জন্য চরম ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং গুরুতর শৃঙ্খলা ভঙ্গের শামিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে তাকে অবিলম্বে পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
একই নোটিশে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তানভীরের বিরুদ্ধে কেন পরবর্তী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট জমা দিয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।