বিশ্ব পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার থেকে চীন কখনো সরে আসবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ এর বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক বিদ্যমান সহযোগিতার কাঠামো অতিক্রম করে নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করে চীনা রাষ্ট্রদূত বলেন, ওই সফরে দুই দেশের শীর্ষ নেতা বাংলাদেশ-চীন সম্পর্ককে একটি সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করার সিদ্ধান্ত নেন। এটি আগামী ৫০ বছরে দুই দেশের সম্পর্কের স্বর্ণালি ভবিষ্যতের ভিত্তি তৈরি করেছে।
তিনি আরও জানান, দুই দেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বাস্তবায়ন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডোরসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
তুলনামূলক শাসনব্যবস্থা সংক্রান্ত এই ফোরামটিকে বাংলাদেশ ও চীনের প্রথম যৌথ উদ্যোগ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জনগণকেন্দ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তবে রাজনৈতিক ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, একক শিল্পনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা এবং অনুকূল আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ।
এসব চ্যালেঞ্জ বিবেচনায় রেখে প্রশিক্ষণ কর্মসূচিতে চীনের দারিদ্র্য বিমোচন, ডিজিটাল গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অর্থনৈতিক আধুনিকায়নের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
একটি চীনা প্রবাদ উদ্ধৃত করে ইয়াও ওয়েন বলেন, ‘যাদের হৃদয়ের বন্ধন দৃঢ়, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।’ এই ফোরামের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দুই দেশের জনগণকে আরও ঘনিষ্ঠ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।