ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে তাকে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে এবং সরকার আইন অনুযায়ীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
তসলিমা নাসরিনের অতীত নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি যদি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান, তবে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কোনো তামাদি হয় না। ফলে ভুক্তভোগী হিসেবে তিনি আদালতে মামলা করার অধিকার রাখেন।
সংবাদ সম্মেলনে ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওঠা এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক চাপে বা সংকটে নেই। সম্প্রতি বাংলাদেশ সফর করা মার্কিন কূটনীতিকের ভারত সফর বা ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। ওই কূটনীতিক ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ সফর করেছেন, তাই এটিকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই।
তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া ও ইরানসহ বিশ্বের সব দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে। আগের সরকারের মতো ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে নয়, বরং জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অতীতে সিন্ডিকেট ও অনিয়মের কারণে শ্রমিকদের যে ভোগান্তি হয়েছে, তা সম্পূর্ণ নিরসন করেই সরকার কর্মী পাঠাতে বদ্ধপরিকর।