বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লেখেন, “ছাত্রশিবির সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় মিশে ছিল, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। এখনো তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে, যা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি।”
রাজধানীসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, “ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আপনারা বিকৃত উল্লাস করেছেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে এবং এখন আর ছাড় দিচ্ছে না। ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ হলেও ছাত্রদলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না।”
সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল শান্তিকামী ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি বা উসকানির মাধ্যমে আধিপত্য বিস্তারের যেকোনো অপচেষ্টা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।