বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা বা সম্পৃক্ততা ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, ৫ আগস্ট সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত ওই সংবাদ সম্মেলন বা ভার্চ্যুয়াল অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি বেসরকারি সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।
তিনি আরও স্পষ্ট করেন যে, ওই মঞ্চ থেকে দেওয়া শেখ হাসিনার কোনো বক্তব্য বা মতামতকে ভারত সরকার সমর্থন করে না এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে অনুষ্ঠানে যেসব রাজনৈতিক মন্তব্য করা হয়েছে, তার কোনোটির সঙ্গেই দিল্লির কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।