দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) এই দুই কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার (১৭ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক ‘রিকোয়েস্ট ফর কোটেশন’ (আরএফকিউ) পদ্ধতিতে প্রস্তাবটি উত্থাপন করে।
আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২১.৮৭৮ মার্কিন ডলার ধরে অগ্রিম আয়করসহ মোট ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।
আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি এমএমবিটিইউর দর ধরা হয়েছে ২১.৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এ কার্গোর জন্য ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান অনুযায়ী আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়। জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত হলে শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের যোগান স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।