প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১২ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তি কার্যকর থাকবে।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে মায়ের প্যারোলে মুক্তির জন্য লিখিত আবেদন জমা দেন।
আইনজীবী গাজী ফয়সাল বলেন, আমরা স্বামীর শেষকৃত্যে অংশগ্রহণের সুবিধার্থে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম। তবে কর্তৃপক্ষ সার্বিক বিবেচনা শেষে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিষয়টি অনুমোদন করেছে।
উল্লেখ্য, ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর মৃত্যুসংবাদ পাওয়ার পর জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকার উদ্দেশ্যে এই প্যারোলের আবেদন করা হয়। ডা. দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।