গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই রায় বাস্তবায়নে জামায়াত ও ১১ দলীয় ঐক্য কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সংবাদ ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, এই মুহূর্তে গণভোটের রায় বাস্তবায়নের চেয়ে বড় কোনো জাতীয় ইস্যু হতে পারে না। জনগণের দেওয়া ঐতিহাসিক রায়ের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। যদি জাতীয় সংসদ এই রায় বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ফিরে যাবে।
জাতীয় রাজনীতিতে দলের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতের সংঘাতময় রাজনীতি ও সস্তা বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জামায়াতে ইসলামী ‘ইনসাফভিত্তিক’ গঠনমূলক সংসদীয় চর্চায় জোর দিচ্ছে। বিরোধী দল মানেই কেবল অন্ধ বিরোধিতা নয়; সরকারের জনকল্যাণমূলক ভালো কাজে সমর্থন দেওয়া এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কঠোর ও গঠনমূলক প্রতিবাদ করাই আমাদের মূল নীতি।
তিনি আরও জানান, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দলকে ‘ভালো কাজের সমর্থন ও মন্দের প্রতিবাদ’-এর মতো দায়িত্বশীল ভূমিকায় দেখে উপস্থিত সম্পাদকবৃন্দ ইতিবাচক মূল্যায়ন করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ছয় মাসের পথচলায় দেশের শীর্ষ সম্পাদকদের সঙ্গে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের এটিই প্রথম মতবিনিময় সভা। বৈঠকে সংসদের ভেতরে-বাইরে ১১ দলীয় ঐক্যের ভূমিকা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ‘জুলাই সনদের’ আলোকে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।