শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা এক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ঘটনার ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র্যালি’ লিখিত একটি ব্যানার নিয়ে শতাধিক নেতাকর্মী ঢাকা-শরীয়তপুর মহাসড়ক দখল করে মিছিল পরিচালনা করছেন। এ সময় অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’ সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে নড়িয়া উপজেলার আওতাধীন ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যুবলীগের নেতাকর্মীরা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী স্থান ত্যাগ করে সটকে পড়েন। তবে ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) এবং রিয়াদ মুন্সি (৪৯)।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পুলিশি অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরাধের ঘটনাস্থল নড়িয়া থানা এখতিয়ারভুক্ত হওয়ায় আটক ব্যক্তি ও জব্দকৃত যানবাহনগুলোকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।