গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু ও তাঁর বাহিনীর বিরুদ্ধে মাদক, অবৈধ বালুভরাট, চাঁদাবাজি এবং প্রতিবাদকারীদের জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বাবলু ও তাঁর ভাইদের ক্যাডার বাহিনীর হাত থেকে আবাদি জমি উদ্ধার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ ও পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সব কাগজপত্র হালনাগাদ থাকা সত্ত্বেও খালেকুজ্জামান বাবলুর ভাই আনিসুর রহমান রিপন, সোহেল এবং তাঁদের সহযোগী সজল শেখ, মাহফুজ ও লতিফ মোল্লারা প্রবাসীর চার বিঘা জমি অবৈধভাবে দখলে নিয়েছেন। প্রতিবাদ করায় জমিতে টিনের ঘর তুলে ৪৬ শতাংশ জমির মাটি ভেকু দিয়ে কেটে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি স্থানীয় চেয়ারম্যানের শালিস ও বাঁশের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণকেও তোয়াক্কা করেনি বাবলু বাহিনী।
এছাড়া মানববন্ধনে মোক্তারপুর ও বক্তারপুর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, বাবলুর মাদক কারবার ও অবৈধ কাজের প্রতিবাদ করায় গত ১৩ আগস্ট ১৯ বছর বয়সী বায়েজিদ হাসান শিবলীকে অপহরণ ও মারধর করে পকেটে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। একইভাবে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা আকরাম হোসেন খানসহ অর্ধশতাধিক নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং চুপাইর গরুর হাট ও স্থানীয় ঠিকাদারি কাজ দখলের অভিযোগ তোলা হয়।
মানববন্ধন থেকে ভুক্তভোগীরা ৬ দফা দাবি তুলে ধরেন- প্রবাসী আলমগীর কবিরের দখলকৃত চার বিঘা জমি উদ্ধার, বায়েজিদ হাসান শিবলীকে সাজানো মামলা থেকে মুক্তি এবং তাঁকে ফাঁসানো পুলিশ-ক্যাডার সিন্ডিকেটের বিচার, কৃষিজমিতে অবৈধ বালু ভরাট অবিলম্বে বন্ধ করা, এলাকাকে মাদক মুক্ত করা এবং মাদকের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা, বিএনপি নেতা বাবলু ও তাঁর বাহিনীর রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত করা ও ভুক্তভোগী ও প্রতিবাদকারীদের শতভাগ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।