ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া অংশের দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। এতে সাভার উপজেলা শাখা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। পরে নেতাকর্মীরা বিশেষ ব্যানার হাতে নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মিছিল করেন।
মিছিলে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাভারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।
উল্লেখ্য, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.৭১ কিলোমিটার দীর্ঘ পৃথক দুটি সার্ভিস সেতু সম্প্রতি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যা স্থানীয় যাতায়াত ও যানবাহন চলাচলে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।