ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সংঘাত এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে সৌদি আরবের কাছে ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের বোমা, গাইডেন্স কিট ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতর এই অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
মার্কিন পররাষ্ট্র দফতরে এক বিবৃতিতে জানানো হয়, এই অস্ত্র বিক্রির মূল উদ্দেশ্য বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা। এর মাধ্যমে দেশটি তাদের নিজস্ব সীমানা রক্ষার পাশাপাশি মার্কিন বাহিনী ও পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য সহযোগী দেশগুলোর সামরিক ব্যবস্থার সাথে ইন্টারঅপারেবিলিটি বা যৌথ কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকেই সমর্থন করে।
চলতি বছরের শুরুর দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব বারবার ইরানি বাহিনী এবং তাদের সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।
প্রস্তাবিত এই অস্ত্র চুক্তির আওতায় সৌদি আরবকে হাজার হাজার প্রিসিশন গাইডেন্স কিট, সাধারণ বোমাসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ইতোমধ্যে বিষয়টি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে। তবে চুক্তিটি চূড়ান্তভাবে বাস্তবায়নের জন্য এখন মার্কিন আইনপ্রণেতাদের (কংগ্রেস) চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে।