মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সংক্রান্ত আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার এক মামলার হাজতি আসামি চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। তাঁর পারলৌকিক ক্রিয়া (সৎকার) চট্টগ্রাম জেলার হাটহাজারীর মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে চিন্ময়ের ভাই রঞ্জন কুমার ধর প্যারোলে মুক্তির আবেদন জানালে জেলা প্রশাসন পাঁচ ঘণ্টার আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম কারাগার সূত্র জানায়, মুক্তির পর কড়া নিরাপত্তায় চিন্ময়কে সরাসরি হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হবে এবং আচার-অনুষ্ঠান শেষে নির্ধারিত সময় পর পুনরায় কারাগারে ফেরত আনা হবে।
স্বজনদের বরাতে জানা গেছে, জীবিত অবস্থায় ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল মৃত সন্ধ্যা রাণী ধরের। তবে শেষ বিদায়ের মুহূর্তে মায়ের পাশে দাঁড়ানোর অনুমতি মেলায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পরিবারের সদস্য ও অনুসারীরা হাটহাজারীর পুণ্ডরীক ধামে সমবেত হচ্ছেন।