সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে কেন তাঁকে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়া হবে না, তার ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অভিযুক্ত সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) ছাত্র।
নোটিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকারপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন ওই শিক্ষার্থী, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেনাবাহিনী নিয়ন্ত্রিত এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, কোনো শিক্ষার্থীর এমন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে এবং এটি একটি গুরুতর অপরাধ। স্থায়ী পরিচালনা নীতিমালার অনুচ্ছেদ ৯.৮ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের জেরে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য নোটিশের অনুলিপি সেনাসদর ও সংশ্লিষ্ট লজিস্টিকস এরিয়ার শিক্ষা শাখাসহ কলেজ পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়েছে।