যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে ককটেল হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়ির প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় কেউ আহত হননি।
পরিবার সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কে বা কারা বাড়ির প্রধান ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে ফটকের সামনে ককটেলটি বিস্ফোরিত হলেও ওই সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনোয়ার হোসেন বিপুল ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। যশোরের বাড়িতে তাঁর বাবা-মা, দুই ভাইসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন।
৫ আগস্টের পর আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে যশোর ও ঢাকায় হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে। এছাড়া যশোরের লালদিঘির পাড়ে বিএনপি’র দলীয় কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও হামলার অভিযোগে করা মামলার আসামি তিনি।
হামলার পর ভারত থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন আনোয়ার হোসেন বিপুল। তিনি লিখেছেন, ‘আমি বাড়ি থাকি না, তবুও আমার বাড়িতে বোমা মারলেন, কাজটি ভালো হলো না। শুধু মনে রাখবেন আমি কিন্তু জীবিত আছি। আবার দেখা হবে ইনশাল্লাহ…’
হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।