রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করেছে। মিছিল থেকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকার ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বাটা শোরুমের সামনে পৌঁছালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, মিছিলে অংশ নিতে আসা কর্মীদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগের অনুরূপ একটি মিছিল করা হয়। যা নিয়ে মামলায় ইতোমধ্যে ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।