যশোরে সংস্কৃতিচর্চাকে পরিশীলিত রাখতে এবং দর্শকদের জন্য মানসম্মত নাট্য পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে নাট্য সংগঠন ‘শব্দ থিয়েটার’। বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে তাদের নতুন নাটক ‘ঘোমটা’ আগামী শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্দেশক মাসউদ জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের নাট্যাঙ্গনে দুটি বড় মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে শব্দ থিয়েটার। প্রথমত, ঢাকার বাইরের নাট্যাঙ্গনে তারকা শিল্পীদের যুক্ত করার অংশ হিসেবে জনপ্রিয় টিভি অভিনেত্রী ঈষিকা সাকিন প্রথমবারের মতো যশোরের মঞ্চে অভিনয় করবেন। এর মাধ্যমে জেলা শহরগুলোতে রাজধানীকেন্দ্রিক তারকাদের সরাসরি থিয়েটারে অংশগ্রহণের এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।
দ্বিতীয়ত, দেশে প্রথমবারের মতো সরাসরি থিয়েটারের জন্য ডিজিটাল টিকিট বিক্রির ব্যবস্থা শুরু করেছে সংগঠনটি। দর্শকরা শব্দ থিয়েটারের নিজস্ব ওয়েবসাইটে বিকাশের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে টিকিট কিনতে পারবেন। ২ অক্টোবরের এই প্রদর্শনীর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ও ২০০ টাকা।
সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে নাটকের প্রধান চরিত্র ঈষিকা সাকিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে পড়াশোনা শেষ করে নাটকে ও সিনেমায় কাজ করেছি। তবে মঞ্চের মূল আনন্দ দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ায়। যশোরের মানুষ অত্যন্ত সংস্কৃতিপ্রেমী ও তাঁদের ভাষাও মিষ্টি। আশা করছি, দর্শকের ভালোবাসায় নিজের সেরাটা উজাড় করে দিতে পারব।
সংবাদ সম্মেলনে শব্দ থিয়েটারের সদস্য শাহাবুদ্দিন সাবু, জায়েদ মোহাম্মদ, রিফাত মাহমুদ, সোহেল রানা, মারুফ হোসেন, পিয়াস মন্ডলসহ স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।