রাজধানীর মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। উচ্ছেদ চলাকালে পাশের একটা মসজিদে বিদ্যুৎতের তার থেকে আগুন ধরে গেলে এই ঘটনার সুত্রপাত হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-১৪ অভিমুখে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানের একপর্যায়ে উচ্ছেদে বাধা দিয়ে হকাররা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূচনা হয়।
সংবাদ সংগ্রহের সময় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী হকারদের হামলার শিকার ও লাঞ্ছিত হন বলে জানা গেছে। আকস্মিক এই সংঘর্ষে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারী ও দোকানপাটগুলো নিরাপদ আশ্রয়ে সরে যায়।
ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যায়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।