ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। অননুমোদিতভাবে বসানো ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু করে হল প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সিনেট অধিবেশনে হলগুলোর নাম পরিবর্তনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ফলে সব হল আগের প্রশাসনিক নামেই বহাল থাকছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান হলের গেটের মূল নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দিয়েছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হলটির নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়। তবে সিনেটে প্রশাসনিক অনুমোদন না থাকায় হলটির পূর্বের নামই পুনার্বহাল করা হচ্ছে।